ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১:৫৩:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চায় সাইপ্রাস

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৫১ পিএম, ৪ জুলাই ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সাইপ্রাসে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। কর্মকর্তারা বলেছেন, দেশটির ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ দাবানল। এই দাবানল নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে দেশটি। সাহায্যের জন্য সাইপ্রাস কর্তৃপক্ষ ইউরোপীয় ইউনিয়ন ও ইসরাইলকে অনুরোধ করেছে। এই বিষয়ে আজ রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সপ্তাহজুড়ে তীব্র দাবদাহ, এরপরই দাবানল। আবহাওয়াজনিত কারণে ইতিহাসের সবচেয়ে বড় সংকটে ভুগছে দ্বীপরাষ্ট্র সাইপ্রাস।দক্ষিণাঞ্চলীয় লিমাসোল, আরকাপাস ও লারনাকাসহ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়েছে দাবানল। প্রচণ্ড বাতাস থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ছে। আশপাশের গ্রামের মানুষকে অন্যত্র সরিয়ে নিয়েছে প্রশাসন। অনেক সম্পত্তি ধ্বংস হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

কানাডার মতো সাইপ্রাসেও তাপমাত্রা বেড়েই চলেছে। সেখানে তাপমাত্র ৪০ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে হিটওয়েভের মতো আবহাওয়ার চরমাভাপন্ন পরিস্থিতি দিনদিন বাড়বে। তবে অনেকেই বলছেন, যেকোনো আলাদা একটি ঘটনাকে বিশ্ব উষ্ণায়নের সঙ্গে মেলানো কঠিন।

আক্রান্ত এলাকা আরাকাপাসের স্থানীয় একজন নেতা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ঘূর্ণিবায়ুর মতো এটি অগ্রসর হচ্ছে। এই দাবানল সব ধ্বসং করে দিয়েছে।’

সাইপ্রাসের বন বিভাগের পরিচালক চারালাম্বস আলেক্সান্দ্রু বলেছেন, ‘সাইপ্রাসের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ দাবানল।’

দেশটির প্রেসিডেন্ট নিকোস আনাসতাসিয়াদেস বলেছেন, ‘সাইপ্রাসের জন্য এটি কঠিনতম দিন। যাতে কোনো প্রাণহানি না হয় সেদিকেই গুরুত্ব দেয়া হচ্ছে।’

গ্রিস ও ইসরাইল অগ্নিনির্বাপণের জন্য বিমান পাঠানোর অঙ্গিকার করায় দেশ দুটির প্রতি ধন্যবাদ জানিয়েছেন সাইপ্রাসের প্রেসিডেন্ট। সাহায্যের জন্য ইতালিও বিমান পাঠিয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে ব্রিটিশ সেনাদের সহযোগিতায় হেলিকপ্টার কাজ করছে।

-জেডসি