ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১৪:২৪:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

দুই মাস পর ফের শুরু হলো করোনা টিকার নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০১ পিএম, ৭ জুলাই ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ বুধবার সকাল থেকে আবারও গণটিকাদানে নিবন্ধন চালু করেছে স্বাস্থ্য অধিদফতর। এতে দুই মাস পর আবারও সুরক্ষা অ্যাপে নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত হলো।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) পরিচালক ডা.শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

ডা. শামসুল হক বলেন, সুরক্ষা অ্যাপে আজ থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। পঁয়ত্রিশ বছরের বেশি বয়সীরা এই টিকা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন। বাইশ ক্যাটাগরিতে নিবন্ধন করতে পারবেন।

করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই টিকা সংকটে গত ৫ মে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। কিন্তু, ভারতীয় কোম্পানি সেরাম ইনস্টিটিউট বাংলাদেশে টিকা রফতানি বন্ধ করে দেয়ায় টিকা সংকট দেখা দেয়। ফলে বাধ্য হয়েই স্বাস্থ্য মন্ত্রণালয় টিকা নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেয়।

ভারত থেকে টিকা আসা বন্ধ হয়ে যাওয়ার পরই টিকার বিকল্প উৎসের সন্ধানে নামে বাংলাদেশ। চীন ও রাশিয়ার টিকা পেতে নানা ধরনের আলোচনা চলছে। টিকা পাওয়ার জোরালো আশ্বাস মিলেছে।

স্বাস্থ্য অধিদফতরের এক নির্দেশনায় জানিয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ ডোজ মডার্নার এবং চীন থেকে ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা তাদের হাতে পৌঁছেছে। অতি শিগগিরই সারাদেশের সকল সরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিটি করপোরেশনের নির্দিষ্ট টিকাদান কেন্দ্রগুলোতে টিকা দেয়া হবে।


-জেডসি