ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৯:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনায় গৃহবধূর মৃত্যু, লাশ নিতে এলো না কেউ

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ৮ জুলাই ২০২১ বৃহস্পতিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত স্ত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পালিয়ে গেছেন স্বামী। পরে ওই নারীর মৃত্যু হলে সংবাদ দেওয়ার জন্য তার স্বামীকে খুঁজে পাওয়া যায়নি। পরে কাউকে না পেয়ে মরদেহ দাফনের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশনকে বুঝিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

জানা গেছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনাভাইরাসের ওয়ার্ডের রেড জোনে বুধবার গভীর রাতে মারা যান করোনায় আক্রান্ত নগরীর ডবলমুরিং থানার মৌলভিপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের স্ত্রী আসমা আক্তার (৩৮)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুইয়া বলেন, ওই নারীর স্বামী হাসপাতালে ভর্তি করানোর পর বুধবার দুপুর থেকেই উধাও হয়ে যান। চিকিৎসক এবং সংশ্লিষ্ট লোকজন মোজাম্মেলকে না পেয়ে পুলিশে খবর দেয়। স্বামী মোজাম্মেল বা পরিবারের কাউকে না পেয়ে আসমা আক্তারের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়। পরে কোয়ান্টাম ফাউন্ডেশনের কর্মীরা তার লাশ দাফনের জন্য নিয়ে যায়।

নগরীরে আগ্রাবাদ মৌলভিপাড়া এলাকার দেওয়া ঠিকানায় গিয়েও কাউকে পাওয়া যায়নি উল্লেখে করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, পেশায় রাজমিস্ত্রি মোজাম্মেল একমাস আগে ওই বাসাটি ভাড়া নিয়েছিলেন। তার গার্মেন্টসকর্মী স্ত্রীকে নিয়ে সেখানে থাকতেন। ওই বাসার দরজায় তালা ছিল উল্লেখ করে ওসি মহসিন বলেন, মোজাম্মেলের মোবাইল ফোন বন্ধ রয়েছে। তাকে খোঁজার চেষ্টা চলছে।