সেই শিশু মরিয়মের পাশে ডিএমপি কমিশনার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩২ পিএম, ১০ জুলাই ২০২১ শনিবার
ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিজের চোখের সামনে বাবার মৃত্যু দেখে কেঁদে উঠে অবুঝ শিশু মরিয়ম। বাবার লাশের পাশে তার কান্নার ভিডিও নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ছোট্ট মরিয়মের কান্নার ভিডিও। অন্য সবার মতো বিষয়টি হৃদয় ছুঁয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের। তিনি ব্যক্তিগতভাবে মরিয়মের পরিবারকে ২০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
গতকাল শুক্রবার (৯ জুলাই) দুপুরে ডিএমপি কমিশনারের পক্ষে আর্থিক সহায়তার নগদ টাকা মরিয়মের পরিবারের কাছে হস্তান্তর করেন নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া। এ সময় তিনি ওই পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।
পুলিশ সুপার জানান, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম, জেলা পুলিশসহ বিভিন্ন ব্যক্তি মরিয়মের পরিবারকে সহায়তা প্রদান করছেন। আগামীতেও পুলিশ পরিবারটির সহযোগিতায় পাশে থাকবে।
গত শনিবার চকবিষ্ণুপুর গ্রামের ফজর বিশ্বাসের ছেলে মজিবুর রহমানের শ্বাসকষ্ট আর জ্বর হলে সাপাহার উপজেলায় ডা. হামিদের কাছে চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান। ওইদিন রাত ৯টায় শ্বাসকষ্ট বেড়ে গেলে পোরশা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। মজিবুর রহমানের অবস্থার অবনতি হলে পর দিন রবিবার সকাল ৮টায় সরকারি অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান তার পরিবারের লোকজন। বেলা সাড়ে ১১টায় চিকিৎসার আগেই মৃত্যু হয় মজিবুরের। এ সময় হাসপাতালের বারান্দায় বাবার মৃতদেহের পাশে বসে কাঁদছিল তার কন্যা শিশু মরিয়ম। বাবার লাশের পাশে ছোট মেয়ে মরিয়মের কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
-জেডসি
