ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৯:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খুলনা বিভাগে করোনায় আরও ৬০ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১১ জুলাই ২০২১ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা বিভাগে ভয়াবহ আকার ধারণ করেছেন প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিনিয়ত কোভিডে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা বেড়েই চলছে বিভাগটিতে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৬০ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৫৯১ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা ৭১ হাজার ছাড়াল।

রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১০ জুলাই) বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়েছিল। আর শুক্রবার (৯ জুলাই) বিভাগে সর্বোচ্চ ৭১ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় ১৩ জন, নড়াইলে সাতজন, যশোর ও চুয়াডাঙ্গায় ছয়জন করে, মেহেরপুরে পাঁচজন, মাগুরায় চারজন, ঝিনাইদহে তিনজন ও বাগেরহাটে দুজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১ হাজার ৫৫০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৯৩ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২৯৯ জন।

-জেডস