ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ২৩:৫২:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে করোনায় দৈনিক মৃত্যু ও শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১২ জুলাই ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যু ও নতুন সংক্রমিত রোগীর সংখ্যা কমেছে। এছাড়া দেশটিতে বাড়ছে সুস্থতার হার। ফলে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর তুলনায় দেশটিতে সুস্থ হয়েছেন বেশি মানুষ।

সোমবার (১২ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৭ হাজার ১৫৪ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে চার হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লাখ ৭৪ হাজার ৩৭৬ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭২৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ১৭১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৮ হাজার ৭৬৪ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমার ধারবাহিকতা বজায় রয়েছে। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৬৪৯ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৭ হাজারের একটু বেশি। সুস্থতার হার ৯৭ দশমিক ২২ শতাংশ।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে সাড়ে ৪ লাখে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে তিন হাজারের বেশি। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৮৯৯ জন।


-জেডসি