ভারতে ফের বাড়ছে করোনার সংক্রমণ, একদিনে শনাক্ত ৪১৮০৬
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:২৪ পিএম, ১৫ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে থাকা দৈনিক আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে কমছে মৃত্যুর সংখ্যা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৬ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৫৮১ জনের।
তার আগের দিন মঙ্গলবার ভারতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৮ হাজার ২৯২ জন এবং এ রোগে ওই দিন দেশটিতে মারা গিয়েছিলেন ৬২৪ জন।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবারের তুলনায় বুধবার করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ১৪ জন, যা শতকরা হিসেবে ৭ দশমিক ৭ শতাংশ বেশি।
বুধবার দৈনিক সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে। রাজ্যটিতে এ দিন করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৩৭ জন। এই তালিকায় কর্ণাটকের পরেই আছে মহারাষ্ট্র। দেশটির পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটিতে বুধবার নতুন আক্রান্ত করোনা রোগীর সংখ্যা ছিল ৮ হাজার ৬০২ জন।
দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ৪ লাখ ৩২ হাজার ৪১ জন, শতকরা হিসেবে যা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর ১ দশমিক ৩৯ শতাংশ।
এছাড়া, বুধবার ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ১৩০ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতে করোনা থেকে সুস্থ হয়ে ওঠার শতকরা হার ৯৭ দশমিক ২৮ শতাংশ।
-জেডসি
