ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৫৯:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

খুলনা বিভাগে করোনায় আরও ৪০ জনের প্রাণহানি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা বিভাগে ভয়াবহ আকার ধারণ করেছেন প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিনিয়ত কোভিডে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা বেড়েই চলছে বিভাগটিতে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৪০ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৫৩৯ জন।

শনিবার (১৭ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (১৬ জুলাই) বিভাগে ৩২ জনের মৃত্যু এবং ১ হাজার ৪৯৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোর জেলায়। বাকিদের মধ্যে কুষ্টিয়ায় আটজন, চুয়াডাঙ্গায় পাঁচজন, ঝিনাইদহ ও মেহেরপুরে তিনজন করে ও মাগুরায় একজন মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮০ হাজার ৭৬ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৮৪৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৬৬৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০১ জনের। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩১ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ২০ হাজার ৮৩১ জনের। মারা গেছেন ৪৮৭ জন এবং সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩১ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২১৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৬ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন।

-জেডসি