দেশে ২৪ ঘন্টায় করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ১৯ জুলাই ২০২১ সোমবার
ফাইল ছবি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড পরিমান ২৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯-এ মোট ১৮,১২৫ জনের মৃত্যু হলো। গত ১১ জুলাই সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়েছিল।
আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন ১৩,৩২১ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১১ লাখ ১৭ হাজার ৩১০ জন। গত একদিনে ৪৫ হাজার ১২ টি নমুনা পরীক্ষা করে শনাক্তের এসব তথ্য পাওয়া গেছে।
মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৩৬ জন পুরুষ আর ৯৫ জন নারী। এদের মধ্যে বেশিরভাগই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
গত চব্বিশ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এ সময়ে ঢাকা বিভাগে ৭৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এরপরেই রয়েছে খুলনা বিভাগে। সেখানে ৫৭ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯,৩৩৫ জন আর মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৪১ হাজার ৩৪৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিচারে শনাক্তের হার ২৯.৫৯ শতাংশ।
বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।
