চট্টগ্রামের ৬০ গ্রামে ঈদ উদযাপন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২১ পিএম, ২০ জুলাই ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের ৬০টি গ্রামে আজ মঙ্গলবার উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে ঈদের নামাজ শেষে এসব গ্রামে পশু কোরবানি করা হয়। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাহাঁগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফ ও সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা প্রতিবছরের মতো এবারো ঈদুল আজহার নামাজ আদায় শেষে পশু কোরবানি দিয়ে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে একদিন আগেই ঈদ উৎসব পালন করেন। আরবে হজ পালনের দিন এই দরবারের অনুসারীরা বিগত আড়াইশ বছরের অধিক সময় ধরে ঈদুল আজহা উদযাপন করে আসছেন।
জানা গেছে, সাতকানিয়ার মির্জারখীল, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপের প্রায় ৬০ গ্রামের বাসিন্দারা আজকে ঈদুল আজহা পালন করছেন।
এ বিষয়ে মির্জারখীল গ্রামের বাসিন্দা ও দরবারের অনুসারী আক্কাস আলী বলেন, ‘আমরা শুধু ঈদ না সব ধর্মীয় উৎসব সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি। আজ সেখানের মতো আমরা কোরবানির ঈদ পালন করছি।’
প্রায় ২০০ বছরের ঐতিহ্য অনুসারে মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ, রোজা ও বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে থাকেন।
-জেডসি
