ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২:০৭:৩৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

প্রত্যক্ষ, পরোক্ষভাবে গডফাদাররা জড়িত: আইভী

প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১১ আগস্ট ২০১৪ সোমবার | আপডেট: ০১:৫৫ পিএম, ১১ আগস্ট ২০১৪ সোমবার

674d169131a90d6837160ff73faa3b2f-Ivyস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম,  ঢাকা:নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নারায়ণগঞ্জের বিভিন্ন হত্যাকাণ্ডের পেছনে প্রত্যক্ষ,পরোক্ষভাবে গডফাদাররা জড়িত। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের আইভী এ কথা বলেন।এর আগে নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় সেলিনা হায়াত্ আইভীর বক্তব্য নিয়েছে হাইকোর্টের নির্দেশে গঠিত প্রশাসনিক তদন্ত কমিটি। সচিবালয়ে তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লার কক্ষে বেলা পৌনে ১১টা থেকে দুপুর সোয়া ১২টা পর্যন্ত এ বক্তব্য নেওয়া হয়। গডফাদার কারা—সাংবাদিকেরা জানতে চাইলে আইভী বলেন, নারায়ণগঞ্জের গডফাদার কারা সেটা শুধু নারায়ণগঞ্জবাসী না, সারা বাংলাদেশই জানে। তদন্ত কমিটি কী জানতে চেয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইভী বলেন, সাত খুনের ঘটনায় নিহত নজরুল ইসলাম সিটি করপোরেশনের কাউন্সিলর। হত্যাকাণ্ডের প্রধান আসামি নূর হোসেনও কাউন্সিলর ছিলেন। তাঁদের সম্পর্কে তদন্ত কমিটি জানতে চেয়েছে। নারায়ণগঞ্জের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইভী বলেন, এখনো নারায়ণগঞ্জের মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, ‘এখনো নারায়ণগঞ্জে কি স্বস্তি এসেছে? ত্বকী হত্যা, চঞ্চল হত্যা, ছাত্রলীগ নেতা মিঠুকে হত্যা কারা করেছে, সেটা কী জানতে পেরেছে? তাহলে কীভাবে বলব নিরাপদ।’ এ সময় আইভী নিরাপত্তাহীনতায় ভোগেন কি না, তা আবার জানতে চান সাংবাদিকেরা। আইভী বলেন, ‘যখন একটা শহরের জনগণ নিরাপত্তাহীনতায় ভোগে, সেখানে আমার কথা আলাদা করে বলার কিছু নেই। তবে আমি ভয়ে ভীত নই। মানুষ মরে একবার। মৃত্যুকে আমি ভয় পাই না। যখন মৃত্যু আসবে, তখন মরে যাব।’ তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, তদন্তের অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, সেলিনা হায়াত্ আইভী নারায়ণগঞ্জের মেয়র। তাঁর কাছে অধীনস্ত কাউন্সিলরদের সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। নারায়ণগঞ্জে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এ জন্য কী করা উচিত, এ ব্যাপারে তাঁর মতামত নেওয়া হয়েছে। ১১.০৮.২০১৪