স্ত্রীর ছদ্মবেশে বিমানে উঠে আটক করোনারোগী
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০২ পিএম, ২৪ জুলাই ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
ইন্দোনেশিয়ায় স্ত্রীর ছদ্মবেশে বিমানে উঠে ধরা পড়েছে করোনাভাইরাসে আক্রান্ত স্বামী। তিনি তার স্ত্রীর পাসপোর্ট ও কোভিড নেগেটিভের সার্টিফিকেট নিয়ে বিমানে উঠেছিলেন; পরেছিলেন নিকাব। খবর বিবিসি।
অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইটে উঠে এই ব্যক্তি মাঝ আকাশে ধরা পড়েন। তিনি বিমানে ওঠার পর কাপড় পরিবর্তন করেছিলেন। একজন বিমানবালা বিষয়টি বুঝতে পারেন। যার কারণে তাকে ধরা পড়তে হয়েছে।
ইন্দেনেশিয়ায় এখন করোনার অবস্থা খুবই ভয়াবহ। দেশটিতে এখন প্রতিদিন ৫০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছে। সে কারণে বিমান ভ্রমণে কড়াকড়ি আরোপ করা হয়েছে সেদেশে।
পুলিশ জানিয়েছে, বিমান অবতরণ করার পরপরই ওই ব্যক্তিকে আটক করা হয়। তারপর তার করোনা পরীক্ষা করা হয়। ফলাফল পজিটিভ থাকায় তাকে বাসায় আইসোলেশনে থাকতে বলা হয়েছে। কোয়ারেন্টাইন শেষ হলে তারপর তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হবে।
ইন্দোনেশিয়ার হাসপাতালগুলো এখন করোনারোগী সামরাতে হিমশিম খাচ্ছে। সেখানে হাসপাতালগুলোতে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত তিন মিলিয়নেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মারা গিয়েছে ৭২ হাজারেরও বেশি মানুষ।
-জেডসি
