ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১২:১৭:০৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

করোনা: দেশে ২৪ ঘণ্টায় আবারো সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০৪ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৪৪ জনের। শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৭ জুলাই ২৫৮ জনের মৃত্যুর তথ্য দিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে আজকের তথ্যসহ গত এগারদিন ধরে প্রতিদিন মৃতের সংখ্যা দুশোর উপরে ছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৬ হাজার ৫২২ জনের। পরীক্ষা করা হয়েছে ৪৬ হাজার ৯৯৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৬৪ জনের মধ্যে ঢাকা বিভাগের ৮৭ জন, চট্টগ্রামে ৫৬, রাজশাহীতে ১৯, খুলনায় ৩৫, বরিশালে ১৬, সিলেটে ২৩, রংপুরে ১৮ এবং ময়মনসিংহে ১০ জন। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনের। করোনায় মারা গেছেন ২১ হাজার ৯০২ জন। 

নতুন করে যারা মারা গেলেন তাদের মধ্যে ১৪০ জন পুরুষ আর ১২৪ জন নারী। এর মধ্যে বাসায় ১৯ জন, আর বাকি সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।