ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১০:৪৩:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রোহিঙ্গা নারীদের দেখতে বাংলাদেশে আসতে পারেন জোলি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০১:০০ পিএম, ১৭ নভেম্বর ২০১৭ শুক্রবার | আপডেট: ০২:০৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার

হলিউড এ সময়ের খ্যাতিমান অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসছেন হলিউডের প্রখ্যাত এ অভিনেত্রী এবং জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত।


কানাডার ভ্যানক্যুভারে জাতিসংঘ শান্তিরক্ষা কমিটি ও বিভিন্ন দেশের প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের এক বৈঠকের আগে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে জোলি এ পরিকল্পনার কথা জানান। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে জোলি মিয়ানমারের সেনাবাহিনীর গণহত্যা, নির্যাতন, গণধর্ষণের শিকার রোহিঙ্গাদের নিয়ে কথা বলেছেন। রাখাইন রাজ্যে রোহিঙ্গা নারীদের ওপর যৌন নির্যাতনের নিন্দা জানান তিনি।


এর আগে সিরিয়া ও ইরাকে যুদ্ধবিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন একাধিক অস্কারজয়ী অভিনেত্রী জোলি।


এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কানাডার ভ্যাংকুভার শহরে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি যৌন নিপীড়নের শিকার রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন। ভ্যাংকুভারে বাংলাদেশের প্রতিনিধিদলকে জোলি তার সফর পরিকল্পনার কথা জানান।


বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, যৌন হয়রানিবিষয়ক একটি বক্তব্যে অ্যাঞ্জেলিনা জোলি বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নারীরা যে যৌন হয়রানির শিকার হয়েছে, সে বিষয়টি উল্লেখ করেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএনএইচসিআর’র দূত ও যৌন সহিংসতা প্রতিরোধ উদ্যোগের (পিএসভিআই) প্রতিষ্ঠাতা জোলি প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা নারীদের যৌন নিপীড়নের বিষয়ে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি এই দমনাভিযানের হাতিয়ার হিসেবে যৌন আক্রমণকে ব্যবহারের নিন্দা জানান।


বৈঠকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান।


এর আগে যৌন নিপীড়ন ও নির্যাতন বিষয়ক এক বৈঠকে লে. জে. মাহফুজুর রহমান রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর যৌন নিপীড়ন বন্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান জোলিকে।


জবাবে হলিউডের স্বনামধন্য এই অভিনেত্রী বাংলাদেশ প্রতিনিধি দলকে জানান, তিনি যৌন সহিংসতার শিকার রোহিঙ্গা নারীদের দেখতে বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন। এ সংকটে বাংলাদেশের অভূতপূর্ব মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন জোলি।


কবে নাগাদ অ্যাঞ্জেলিনা জোলি এ সফরে আসতে পারেন সে বিষয়ে কিছু বলা হয়নি প্রেস বিজ্ঞপ্তিতে।