ভারতে অনশনে শর্মিলা আবার গ্রেফতার
প্রকাশিত : ০২:৪৪ এএম, ২৩ আগস্ট ২০১৪ শনিবার | আপডেট: ০২:৪৪ এএম, ২৩ আগস্ট ২০১৪ শনিবার
|
ডেস্কনিউজ,উইমেননিউজ২৪.কম, ঢাকা:ভারতে অনশন করতে গিয়ে শুক্রবার ফের গ্রেফতার হলেন ইরম শর্মিলা। সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (এএফএসপিএ) বাতিলের দাবিতে তিনি ১৪ বছর ধরে অনশন করছেন।
একটি আদালতের নির্দেশে মাত্র দু’দিন আগে মুক্তি পান মনিপুরের লৌহমানবী হিসেবে পরিচিত এই মানবাধিকার কর্মী।
টেলিভিশনের ফুটেজে দেখা যায় পুলিশ কর্মকর্তারা শর্মিলাকে জোর করে অনশনস্থল থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। তিনি তার অহিংস আন্দোলনের জন্য পরিচিত।
স্থানীয় মানবাধিকার কর্মী জানকী দেবী বলেন, ‘নারী পুলিশের একটি দল অস্থায়ী অনশনস্থলে এসে জোর করে তাকে (শর্মিলা) ধরে নিয়ে যায়।’
তিনি আরো বলেন, ‘তারা জানায়, খাবার খেতে না চাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। কর্তৃপক্ষের মতে খেতে না চাওয়াও এক ধরনের আত্মহত্যা প্রচেষ্টা।’
পুলিশ জানায়, শর্মিলা উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের রাজধানী ইম্ফলের একটি কারা হাসপাতালে নেয়া হয়েছে। তাকে জোর করে নাক দিয়ে পাইপের সাহায্যে খাওয়ানো হচ্ছে। খবর এএফপি’র।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমরা তাকে মরতে দিতে পারি না।’
২০০০ সালের নভেম্বরে মনিপুরে তার বাড়ির কাছের একটি বাসস্টপে সেনাবাহিনীর সদস্যদের গুলিতে ১০ জন নিহত হবার পর এএফএসপিএ আইনটি বাতিলের দাবিতে শর্মিলা তার অনশন শুরু করেন।
এই আইনের মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদস্যদের উত্তরপূর্ব ভারতের একটি বড় অংশ ও গোলযোগপূর্ণ কাশ্মির রাজ্যে তল্লাশী করা, বাড়িঘরে প্রবেশ করা ও দেখা মাত্র গুলি করার ব্যাপক ক্ষমতা প্রদান করা হয়।
মানবাধিকার লংঘন হিসেবে আইনটির ব্যাপক সমালোচনা করা হয়।
২৩.০৮.২০১৪ |
