আজও করোনায় শনাক্ত-মৃত্যু দুটোই কমেছে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ১৪ আগস্ট ২০২১ শনিবার
আজও করোনায় শনাক্ত-মৃত্যু দুটোই কমেছে
দেশে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৮৫ জনের। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, তার আগের ২৪ ঘণ্টায় করোনায় মারা যান ১৯৭ জন। ওই সময়ে করোনা শনাক্ত হয় ৮ হাজার ৪৬৫ জনের। আর গত বৃস্পতিবারের তথ্যমতে, করোনায় আক্রান্ত হয়ে আগের ২৪ ঘণ্টায় ২১৫ জনের মৃত্যু হয়। এই সময়ে করোনা শনাক্ত হয় ১০ হাজার ১২৬ জনের।
আজ স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩২ হাজার ৮১০ জনের। পরীক্ষা করা হয় ৩৩ হাজার ৩৩০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৭৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৬৭ জন, চট্টগ্রামে ৪৫, রাজশাহীতে ১৪, খুলনায় ২৩, বরিশালে ৭, সিলেটে ১১, রংপুরে ৬ ও ময়মনসিংহে ৫।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১৪ লাখ ১২ হাজার ২১৮ জনের। করোনায় মারা গেছেন ২৩ হাজার ৯৮৮ জন। মোট সুস্থ হয়েছেন ১২ লাখ ৮১ হাজার ৩২৭ জন।
প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
