রাজশাহী মেডিকেলে আরও ১০ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:১২ পিএম, ১৬ আগস্ট ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস ও করোনা উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন। এদের মধ্যে করোনা সংক্রমণে চারজন ও করোনা উপসর্গে ছয়জন মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে রাজশাহীর দুইজন, নাটোরের চারজন, নওগাঁর তিনজন ও চুয়াডাঙ্গার একজন রয়েছেন। এদের মধ্যে রাজশাহীর একজন, নাটোরের একজন ও নওগাঁর দুইজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর করোনা উপসর্গে মারা গেছেন রাজশাহীর একজন, নাটোরের তিনজন, নওগাঁর একজন ও চুয়াডাঙ্গার একজন।
রামেক হাসপাতাল পরিচালক বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। রামেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ১৬৬ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১৩৩ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ২৯৯ জন।
-জেডসি
