বাল্যবিয়ে ঠেকিয়ে দিলেন ইউএনও
বাসস
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:২৪ পিএম, ১৮ নভেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০৮:২০ পিএম, ১৯ নভেম্বর ২০১৭ রবিবার
সদর উপজেলার নির্বাহী অফিসার আমিন আল পারভেজের প্রচেষ্টায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেল নবম শ্রেণির এক ছাত্রী। বিয়ের আসরে অভিযান চালালে পালিয়ে যান বরযাত্রী ও কনের বাবা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। ছাত্রী কুড়িগ্রাম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে অধ্যয়নরত।
এলাকাবাসী ও প্রশাসন সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম গ্রামের বাসিন্দা মিজানুর রহমান তার নবম শ্রেণি পড়ুয়া মেয়ের জন্য রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের বাঙালপাড়া গ্রামের মৃত ঝরু বসুনিয়ার ছেলে রাজীবের সাথে বিয়ের দিন ধার্য্য করেন। ধূমধাম করে বিয়ে আয়োজনের মধ্যে দুপুরে আত্মীয় স্বজনদের ভোজের ব্যবস্থাও ছিল।
রাত ৮টার দিকে বরযাত্রীরা আসার কিছুক্ষণ পর গোপন সুত্রে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার বিয়ের আসরে অভিযান চালান। তবে বর, বরযাত্রী ও কনের বাবা পালিয়ে যেতে সক্ষম হয়। কনের মা মেয়ের বিয়ে না দেয়ার মুচলেখা দিয়ে রক্ষা পান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিন আল পারভেজ জানান, সময়মত খবর পাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় মেধাবী ছাত্রীটির বিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে।
