করোনারোধে জাপানে নতুন সাত এলাকায় জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০২:৩৬ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
জাপানে রেকর্ড পরিমাণ করোনা সংক্রমণরোধে নতুন আরও সাতটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হচ্ছে। দেশটির সরকার মঙ্গলবার এ কথা জানিয়েছে।
টোকিওসহ আরও পাঁচ অঞ্চলে ইতোমধ্যে জরুরি অবস্থা চলছে। আগামী ৩১ আগস্ট এর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সরকার আরো কিছু এলাকায় নিষেধাজ্ঞা জারি করছে। দেশটির সকল অঞ্চলে এই বিধিবিধান ১২ সেপ্টেম্বর পর্যন্ত চালু রাখা হবে।
জাপানের করোনা মোকাবিলা-বিষয়ক মন্ত্রী ইয়াসুটোশি নিশিমুরা বলেছেন, জাপানে যেভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ছে আগে আমাদের সেরকম অভিজ্ঞতা হয়নি। বিশেষজ্ঞদের সাথে এক বৈঠকে তিনি আরও বলেন, আশঙ্কাজনক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
অন্যান্য দেশের তুলনায় জাপানে সংক্রমণ কম ছিল। দেশটিতে লকডাউন না দেয়া সত্ত্বেও করোনায় মারা গেছে প্রায় ১৫ হাজার ৪০০ লোক।
তবে অন্যান্য উন্নত দেশের তুলনায় জাপানে টিকা দেয়া শুরু হয়েছে অনেক পরে। এ ছাড়া টিকা দেয়ার গতিও বেশ ধীর। এ পর্যন্ত ৩৭ ভাগ লোককে টিকার পুরো ডোজ দেয়া হয়েছে।
সম্প্রতি দেশটিতে দৈনিক ২০ হাজারেরও বেশি লোকের করোনা শনাক্ত হচ্ছে, যা দেশটির জন্যে রেকর্ড পরিমাণ। সূত্র : বাসস
-জেডসি
