ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১০:০৩:৪১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

ভারতে একদিনে করোনায় মৃত্যু ৪০৩, সংক্রমিত প্রায় ৩১ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৯ পিএম, ২২ আগস্ট ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যা। এছাড়া শনাক্ত রোগী কমার পাশাপাশি গত একদিনে ভারতে বেড়েছে সুস্থতার হারও। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে।

রোববার (২২ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৪৮ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে সাড়ে তিন হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখ ২৪ হাজার ২৩৪ জনে।

অন্যদিকে শনিবার ভারতে প্রাণহানির সংখ্যা কমলেও রোববার তা ফের চারশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪০৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ২৮ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩৪ হাজার ৩৬৭ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে রোববারও ভারতে বজায় রয়েছে স্বাভাবিক চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে রোববার ভারতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে।

-জেডসি