রাজশাহী মেডিকেলে একদিনে ১০ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৩১ পিএম, ২৩ আগস্ট ২০২১ সোমবার
ছবি: সংগৃহীত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পাঁচজন করোনায়, চারজন করোনার উপসর্গ নিয়ে এবং একজন নেগেটিভ হয়ে মারা গেছেন।
চিকিৎসাধীন অবস্থায় রোববার (২২ আগস্ট) সকাল ৯টা থেকে সোমবার (২৩ আগস্ট) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে পাবনার দুজন, নাটোরের একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নওগাঁর একজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা এবং পাবনার একজন মারা গেছেন। করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন রাজশাহীর একজন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিচালক আরও জানান, রোববার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ২২৩ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৪০।
বর্তমানে রাজশাহীর ৯৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫৪ জন, নাটোরের ৩৩ জন, নওগাঁর ২১ জন, পাবনার ২৩ জন, কুষ্টিয়ার আটজন, জয়পুরহাটের তিনজন, মেহেরপুরের একজন এবং বগুড়ার একজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১১৬ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৮৮ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ৩৪ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৮ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন।
এর আগে রোববার (২২ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৭১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৪৭ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৫৫৬ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৭৭ জনের।
-জেডসি
