ভারতে বেড়েছে করোনার সংক্রমণ, কমেছে মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:০২ পিএম, ২৪ আগস্ট ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ৪৬৭ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা বেড়েছে প্রায় চারশ। অন্যদিকে একই সময়ে দেশটিতে মারা গেছেন ৩৫৪ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ৩৫ জন।
মঙ্গলবার (২৪ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২৪ লাখ ৭৪ হাজার ৭৭৩ জনে, মারা গেছেন ৪ লাখ ৩৫ হাজার ১১০ জন।
এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে মঙ্গলবারও ভারতে বজায় রয়েছে স্বাভাবিক চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে গত ২৪ ঘণ্টায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে।
গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৯ হাজার ৪৮৬ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ২৫ হাজার। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ১৯ হাজার ৫৫১ জনে। গত ১৫৬ দিনের মধ্যে যা সর্বনিম্ন।
বর্তমানে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা দেশটির মোট শনাক্ত রোগীর ১ শতাংশেরও কম। এদিকে মঙ্গলবার ভারতে সুস্থতার হার আরও বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৬৮ শতাংশ। করোনা মহামারি শুরুর পর থেকে যা সর্বোচ্চ।
-জেডসি
