খুলনাজুড়ে করোনায় আরও ১৩ জনের প্রাণহানি
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০১:৫২ পিএম, ২৫ আগস্ট ২০২১ বুধবার
ছবি: সংগৃহীত
খুলনা বিভাগে ভয়াবহ আকার ধারণ করেছেন প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিনিয়ত কোভিডে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা বেড়েই চলছে বিভাগটিতে। গত ২৪ ঘণ্টায় অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ১৩ জনের মৃত্যু হয়েছে, পাশাপাশি এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৩০০ জন।
বুধবার (২৫ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে মঙ্গলবার (২৪ আগস্ট) খুলনা বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু ও শনাক্ত হয়েছিল ২৭৬ জনের।
স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয়েছে খুলনায়। এ ছাড়া যশোরে ও কুষ্টিয়ায় চারজন করে মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ৭ হাজার ৫২০ জনের শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ৩৯১ জন।
-জেডসি
