ভয়াবহ দুর্ঘটনা উত্তরাখন্ডে, ব্রিজ ভেঙে নদীতে ভেসে গেল ২ গাড়ি
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার
সংগৃহীত ছবি
উত্তরাখন্ডে বিগত তিন-চার দিন অবিরাম বৃষ্টিপাতের কারণে ফুঁসে উঠেছিল জখন নদী। আর এই বৃষ্টিপাতের জেরে আজ শুক্রবার ঘটে গেল একটি ভয়াবহ দুর্ঘটনা।
রানী পোখারী গ্রামের কাছে জখন নদীর উপর দেরাদুন-ঋষিকেশ ব্রিজ একদম মাঝখান দিয়ে ভেঙে পড়ে। ঘটনায় একটি ট্রাক নদীতে পড়ে আটকে রয়েছে আর দুটি গাড়ি ভেসে গেছে। ভাঙা বিজের ওপর দিয়েই তীব্র বেগে প্রবাহিত হয়ে চলেছে জখন নদী।
উত্তরাখন্ড পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই টুইট করে এই রাস্তা ব্যবহার না করতে বলা হয়েছে।
অন্যদিকে, বৃষ্টিপাতের ফলে ভূমিধস দেখা দিচ্ছে উত্তরাখন্ডের অনেক জায়গায়। যে কারণে ঋষিকেশ-দেবপ্রয়াগ, ঋষিকেশ-তেহরি, দেরাদুন-মুসৌরি রাস্তা বন্ধ রয়েছে। পাশাপাশি, তপোবন-মালেথা ন্যাশানাল হাইওয়ে ৫৮ নম্বর রাস্তাটিও ভারী বৃষ্টিপাতের ফলে বন্ধ রয়েছে।
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, নৈনিতাল, চম্পাওয়াত, উধম সিং নগর, বাগেশ্বর এবং পিথোরাগড়ে আগামী সময়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
