সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১১:৫৩ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার
সোনামন মুখোপাধ্যায়
দুই বাংলার জনপ্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মুখোপাধ্যায় মারা গেছেন। আজ শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কোলকাতার যোধপুর পার্কের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সোনামনের বয়স হয়েছিল ৮০।
পারিবারিক সূত্রে জানা গেছে, বহু বছর ধরে ফুসফুসের রোগে আক্রান্ত ছিলেন সোনামন। সিওপিডি-র রোগী হিসাবে নিয়মিত চিকিৎসা চলত তার। আজ রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করতে থাকেন তিনি। পালস রেট কমতে থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। কিন্তু তার আগেই মৃত্যু হয় সোনামনের।
সোনামনের আদি বাড়ি বাংলাদেশের নরসিংদিতে। দেশভাগের পরে পরিবারের সঙ্গে চলে যান উত্তরবঙ্গের কোচবিহারে। সেখানেই বিয়ে হয় শীর্ষেন্দুর সঙ্গে। সাহিত্যিকের সঙ্গে সংসারের শুরু শিলিগুড়িতে শীর্ষেন্দুর পৈতৃক বাড়িতেই।
সোনামন ও শীর্ষেন্দুর দুই সন্তান। মৃত্যুর সময় স্বামী, কন্যা দেবলীনা, পুত্র সম্রাট, পুত্রবধূ সীমন্তিনী ও নাতনি নীরাজনা ছিলেন তার পাশেই।
পরিবারিক সূত্র জানায়, আজ রাতে সোনামনের শেষকৃত্য সম্পন্ন হবে কেওড়াতলা শ্মশানে।
সোনামনের মৃত্যুসংবাদ পেয়ে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা লেখেন, ‘বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সহধর্মিণী সোনামন মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।’
