বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে : স্পিকার
প্রকাশিত : ০৬:৪৩ এএম, ১৫ আগস্ট ২০১৪ শুক্রবার | আপডেট: ০৭:১৩ এএম, ১৫ আগস্ট ২০১৪ শুক্রবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে সামনে দিকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানিয়েছেন।স্পীকার আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমীতে আওয়ামী যুবলীগের সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পীকার এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রযাত্রায় সফল পথে চলছে। দেশের উন্নয়নের যে ব্রত নিয়ে আমরা কাজ করছি তাতে সবাইকে অংশগ্রহণ করতে হবে। বিশ্ব মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।’
যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সংবাদচিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইডেন কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম, যুবলীগ সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
শিরীন শারমিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপর নাম স্বাধীন বাংলাদেশ। জাতির পিতা একটি আদর্শ।
তিনি বলেন, জাতির পিতার জন্ম না হলে হয়ত স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না। বাঙালীর অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি তার সমগ্র জীবন ব্যয় করেছেন।
সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ঘুরে ঘুরে দেখেন। এ আয়োজনের জন্য তিনি যুবলীগকে ধন্যবাদ জানান।
১৫.০৮.২০১৪ 