ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৭:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নড়াইলে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫৬ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলার বাবরা-হাচলা ইউনিয়নের উড়শি গ্রামে গৃহবধূ দীপালী বেগমকে (২৭) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী রকিবুল গাজী (৩৮) পলাতক রয়েছে।

পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহবধু দিপালীকে তার স্বামী রকিবুল হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। আজ শুক্রবার বিকেলে নড়াইল সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে।

নিহত দিপালী বেগমের মা বড়ু বিবি জানান, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মেয়েকে জামাই রকিবুল টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে আনে। বারান্দায় এনে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।   

দিপালীর ভাই কালিয়া উপজেলার চাঁচুড়ি গ্রামের শোয়েব শেখ জানান, প্রায় সাত বছর আগে উড়শি গ্রামের লতিফ গাজীর ছেলে ফার্নিচার দোকানি রকিবুলের সঙ্গে দিপালীর বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের টাকার জন্য চাপ দেয় রকিবুল। বিভিন্ন সময়ে তাকে (রকিবুল) টাকা দেওয়া হয়। তবুও যৌতুকের দাবি থেমে থাকেনি। ঘটনার সময় দিপালীকে মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পলাতক স্বামী রকিবুল গাজীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।