করোনার উপসর্গ নিয়ে মমেকে ৭ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:২২ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন কিশোর রয়েছে। তবে করোনা শনাক্ত হয়ে কেউ মারা যায়নি।
আজ শনিবার (৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে ইউনিটটিতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে ময়মনসিংহ জেলারই ছয়জন। তাদের মধ্যে একজন কিশোরও রয়েছে। আর অন্যজন জামালপুরের বাসিন্দা।
তারা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার শাহনাজ বেগম (৪০), ঈশ্বরগঞ্জের মো. জিসান (১৬), সাহেব আলি (৮০), আনোয়ারা খাতুন (৪০), ভালুকার হাসমত আলি (৭৫), ফুলবাড়িয়ার আবুল হোসেন (৭০) ও জামালপুরের নাসিমা আক্তার (২২)।
তিনি আরও জানান, করোনা ইউনিটে বর্তমানে রোগী ভর্তি আছেন ১৩৭ জন। এর মধ্যে আটজন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
এদিকে জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় ৩৭ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৫৬ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।
