মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৯:০৭ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি।
পূর্ব শত্রুতা জের ধরে চাঁদপুরে মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় মারধর করা হয়েছে ওই শিক্ষার্থীর মাকেও। পরে ট্রিপল নাইনে ফোন করলে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
তিন দিন পার হলেও এখনও তাদের মানসিক ট্রমা কাটেনি বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে, তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
পূর্ব শত্রুতার জেরে ২৬ আগস্ট চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এক গৃহবধূ ও তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন।
এ ঘটনায় ৩১ আগস্ট আদালতে মামলা করেন মা। ২ সেপ্টেম্বর ভোরে মা-মেয়ে বাড়ি থেকে বের হলে মেয়েকে তুলে নিয়ে পাশের বাড়িতে ধর্ষণের চেষ্টা করে সবুজ ও বশির নামে দুই যুবক। মা এগিয়ে গেলে তাকেও পিটিয়ে আহত করা হয়। এ সময় তারা ট্রিপল নাইনে ফোন করলে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার সুষ্ঠু বিচারের দাবি করেছে তারা।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুজাউদ্দৌলা রুবেল জানিয়েছেন, কিছুটা সুস্থ হলেও আহতরা ভয় ও আতঙ্কে আছেন।
এ ঘটনায় এখনও মামলা করা হয়নি। তবে, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়ে পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রকৃত ঘটনা খুঁজে বের করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
