রত্নগর্ভা মা ছালেমা খাতুন মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৩:৩৫ পিএম, ২৩ নভেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৯:০০ পিএম, ২৪ নভেম্বর ২০১৭ শুক্রবার
চট্টগ্রাম নিবাসী রত্নগর্ভা মা ছালেমা খাতুন মারা গেছেন। ইন্না ইলাহি……..রাজিউন। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চট্টগ্রামে নিজ বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল মান্নানের মা।
ছলেমা খাতুন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর। তিনি চার ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
১৯৭৪ সালে সড়ক দুর্ঘটনায় স্বামী আব্দুস সালামের মৃত্যুর পর রত্নগর্ভা ছালেমা খাতুন সংসারের দায়িত্ব নেন। তার সব সন্তান বর্তমানে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিতি। তার চার ছেলের মধ্যে প্রথমজন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল মান্নান, দ্বিতীয় ছেলে আব্দুল হান্নান ব্যবসায়ী। তৃতীয় ছেলে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুল মতিন বর্তমানে ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক এবং ছোট ছেলে সরকারি সিটি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও স্বনামধন্য ছড়াকার আলেক্স আলীম। তিন মেয়ে গৃহিণী। সাংবাদিক সুমি খান প্রয়াতের পুত্রবধূ।
সুমি খান উইমেননিউজকে ফোনে জানান, ছালেমা খাতুন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বাদ আসর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে তার জানাজা হবে। এরপর কাজির দেউড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
