ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ৪:১৫:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী যাত্রীকে গাড়িতে ‘ধর্ষণ’ করলো উবার চালক

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

নারী যাত্রীকে একা পেয়ে গাড়ির মধ্যেই ধর্ষণের অভিযোগ উঠেছে উবারের এক চালকের বিরুদ্ধে। বুধবারে ভোরে বন্ধুর বাড়ি থেকে ফেরার সময় ভারতের বেঙ্গালুরুতে ওই নারী ধর্ষণের শিকার হন। অভিযুক্ত চালককে গ্রেপ্তার করে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় মামলা দিয়েছে পুলিশ।

বেঙ্গালুরুর অতিরিক্ত পুলিশ কমিশনার মুরুগান বলেছেন, ‘নির্যাতিত নারীর অভিযোগ পেয়ে আমরা অভিযুক্ত চালককে গ্রেপ্তার করেছি। তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ওই নারীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে।’

তিনি আরও জানান, অভিযুক্ত উবার চালকের বাড়ি অন্ধ্রপ্রদেশে। গত দু’বছর ধরে সে বেঙ্গালুরু শহরে উবার চালক হিসেবে কাজ করছিল।

পুলিশ জানিয়েছে, নির্যাতিত ওই নারীর বাড়ি ঝাড়খণ্ডে। বেশ কয়েক বছর ধরেই বেঙ্গালুরুতে বসবাসের পাশাপাশি সেখানকার একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন তিনি।

বেঙ্গালুরুর জীবন বিমানগর থানায় দায়ের করা অভিযোগে নির্যাতিতা ওই নারী জানান, এইচএসআর লেআউট থেকে মুরুগেশ পাল্যা ফেরার জন্য উবার ভাড়া করেছিলেন তিনি। গন্তব্যে পৌঁছানোর আগে গাড়ির দরজা বন্ধ করে দিয়ে তার ওপর অত্যাচার চালায় চালক। পরে তাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়।

তিনি আরও জানান, গাড়ি থেকে ফেলে দেওয়ার সময় চালকের ফোন ছিনিয়ে নিয়েছিলেন তিনি। পরে সেই ফোন জমা দিয়ে পুলিশের কাছে তিনি অভিযোগ দায়ের করেন।