চট্টগ্রামে নালায় পড়ে নিখোঁজ কলেজছাত্রীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় নালায় পড়ে নিখোঁজ কলেজছাত্রী সেহরিন মাহমুদ সাদিয়ার (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
নালায় পড়ে যাওয়ার প্রায় ৫ ঘণ্টা পর মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) ভোরে তার লাশ উদ্ধার করা হয়।
আগ্রবাদ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নিউটন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে সাদিয়া আগ্রাবাদ এলাকা থেকে চশমা কিনে মামার সঙ্গে বাসার দিকে যাচ্ছিলেন। একপাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে নালায় পড়ে যান। সাদিয়া পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মামাও নালায় ঝাঁপ দেন। কিন্তু স্রোতের কারণে তাকে উদ্ধার করতে পারেনি। পরে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে।
সাদিয়া নগরীর সদরঘাট ইসলামীয়া ডিগ্রি কলেজের ছাত্রী। তার বাড়ি হালিশহর থানার বড়পুল মইন্যা পাড়ায়।
