ধর্ম অবমাননার দায়ে পাকিস্তানে নারী অধ্যক্ষের মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
ধর্ম অবমাননা করায় পাকিস্তানে এক নারী অধ্যক্ষকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। লাহোরের একটি জেলা ও দায়রা আদালত গত সোমবার তার বিরুদ্ধে এ রায় দেন। এ ছাড়া তাকে পাঁচ হাজার পাকিস্তানি রুপি জরিমানাও করা হয়েছে। এক প্রতিবেদনে এ কথা জানা গেছে। খবর দ্য ডনের।
সালমা তানভীর লাহোরের নিশতার কলোনির একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষ ছিলেন। লাহোর পুলিশ ২০১৩ সালে স্থানীয় এক আলেমের অভিযোগের ভিত্তিতে তানভীরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করেছিল।
দেড় বছর পর আসামি পক্ষের আইনজীবী আবেদন করেন, তার মক্কেল মানসিকভাবে স্থিতিশীল নন। একটি মেডিকেল বোর্ড গঠন করা হলে তারা জানায়, অভিযুক্ত বিচারের
জন্য উপযুক্ত নন। এর পরিপ্রেক্ষিতে দুই বছর তার বিচার স্থগিত থাকে। এরপর জেল কর্তৃপক্ষ আসামিকে বিচারের মুখোমুখি হওয়ার জন্য উপযুক্ত জানালে আসামি পক্ষের আইনজীবী আবার আবেদনে জানান, ঘটনার সময় তার মক্কেল মানসিকভাবে অসুস্থ ছিলেন।
পাকিস্তানের বিতর্কিত ধর্ম অবমাননা আইনের শাস্তি বেশ কঠোর। ১৯৮৭ সাল থেকে এই আইনে কমপক্ষে এক হাজার ৪৭২ জন অভিযুক্ত হয়েছে।
