কাতারে প্রথম আইনসভা নির্বাচনে ভোট চলছে, অংশ নিচ্ছেন নারীরাও
আন্তর্জাতিক ডেস্ক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ০৭:২০ পিএম, ২ অক্টোবর ২০২১ শনিবার
ফাইল ছবি
প্রথমবারের মতো কাতারে আইনসভার (শুরা কাউন্সিল) নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার এই ভোটগ্রহণ শুরু হয় বলে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
নির্বাচনের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে অধিকাংশই নারী। ৩০ জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮৪ জন প্রার্থী। তাদের মধ্যে ২৮ জন নারী প্রার্থী রয়েছেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে স্থানীয় সময় সকাল থেকে শুরু হয়ে এই ভোটগ্রহণ বিকেল পর্যন্ত চলবে। শনিবারই নির্বাচনের ফল প্রকাশ করা হবে আশা করা হচ্ছে।
বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটাররা স্বচ্ছ প্লাস্টিকের বাক্সে ভোট দিচ্ছেন। ব্যালট বক্সের ওপর কাতারের জাতীয় প্রতীক নৌকা, খেজুর গাছ আর তলোয়ালের ছাপ দেখা গেছে।
কাতারের নতুন আইন অনুযায়ী, ৪৫ সদস্যের শুরা কাউন্সিলের ৩০ সদস্য নির্বাচিত হবেন। কাতারের আমির বাকি ১৫ আসনে জনপ্রতিনিধি নিয়োগ করবেন।
কাতারের মোট জনসংখ্যা তিন লাখ ৩৩ হাজার হলেও আইন অনুযায়ী সবাই ভোট দিতে পারবেন না। ১৯৩০ সালের আগে দেশটির নাগরিকত্ব পাওয়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরাই শুধু এই নির্বাচনে ভোট দিতে পারবেন।
