একাত্তরের পরাজিত শক্তি ক্ষমতা দখল করতে বঙ্গবন্ধুকে হত্যা করে : প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১৬ আগস্ট ২০১৪ শনিবার | আপডেট: ০৩:৩৮ পিএম, ১৬ আগস্ট ২০১৪ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ আগস্টকে বাঙ্গালী জাতির জন্য একটি কলঙ্ক দিবস হিসেবে উল্লেখ করে বলেছেন, ১৯৭১ সালের পরাজিত শক্তি ক্ষমতা দখল করতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। শেখ হাসিনা বলেন, ঘাতকদের উদ্দেশ্য ছিল স্বাধীনতার সকল অর্জন ধ্বংস করে দেয়া এবং বাংলাদেশকে পাকিস্তানের একটি প্রদেশ বানানো।
প্রধানমন্ত্রী আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাঙ্গালী জাতির স্বাধীনতার আন্দোলনে নেতৃত্ব দেয়ার জন্যই ঘাতকরা বঙ্গবন্ধুকে টার্গেট করেছিল। তারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি। ফলে তারা একটি গণতান্ত্রিক, স্বাধীন ও সার্বভৌম এবং প্রগতিশীল জাতি হিসেবে বাঙ্গালী জাতির উত্থান বাধাগ্রস্ত করতে বারবার তাকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর তারা যখন দেশকে একটি ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষণা দেয় তখনি তাদের হীন চক্রান্ত প্রকাশ পায়। তবে বিশ্বাসঘাতকরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করার তিন মাসের মধ্যে ক্ষমতাচ্যুত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। অনুষ্ঠানে আলোচনায় আরো অংশ নেন, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম ও এডভোকেট সাহারা খাতুন,দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়–য়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বঙ্গবন্ধুকে নিয়ে লেখা নির্মলেন্দু গুনের কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও বক্তব্য রাখেন।
১৬.০৮.২০১৪ 