আনিসুল হকের বাসায় প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৫:২৭ পিএম, ২ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১২:০১ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মরহুমের বাসায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুর পৌঁনে দু’টায় তার বনানীর বাসায় যান প্রধানমন্ত্রী। তিনি মরহুম আনিসুল হকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অবস্থান করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শনিবার জানান,‘ প্রধানমন্ত্রী দুপুর ১.৪৫ মিনিটে আনিসুল হকের বনানীর বাসায় যান এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন’।
প্রেস সচিব বলেন, শেখ হাসিনা সেখানে গেলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এসময় মরহুমের স্ত্রী,পুত্র ও কন্যারা কান্নায় ভেঙ্গে পড়েন।
পরে প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। প্রধানমন্ত্রী এরপর মরহুম আনিসের পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে কথাবার্তা বলেন।
এ সময় স্পিকার শিরীন শারমীন চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মরহুমের ছোট ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকসহ মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
