সৎ প্রার্থীদের মনোনয়ন দেবেন শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৬:২২ পিএম, ২ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ০১:২১ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার
আওয়ামী মহিলা লীগের সভাপতি সাফিয়া খাতুন বলেছেন, সততার কোনো বিকল্প নেই। আগামী সংসদ নির্বাচনে বিতর্কিত কোনো ব্যক্তিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দেবেন না। সৎ, ভালো ইমেজ সম্পন্ন ও তারুণ্য নির্ভর ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে।
শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
সাবেক সংসদ সদস্য সাফিয়া খাতুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে তৃতীয় সৎ নেতা নির্বাচিত হয়েছেন। যার কারণে দেশের নারীরা সবচেয়ে বেশি সম্মানিত হয়েছেন। এটি নারীদের জন্য গর্বের ও অনুপ্রেরণার বিষয়।
সাফিয়া খাতুন বলেন, জাতীয় নির্বাচর চলে এসেছে। সকলে এক হয়ে প্রস্তুতি নিন। দলে কোনো ভেদাভেদ রাখা যাবে না। এখন থেকে এক হয়ে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে সকলকে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. মো. আশরাফুল ইসলাম সজীব। চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন জয়নালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কমরুদ্দিন আহমদ, সদস্য এটিম জিয়া উদ্দিন চৌধুরী, আওয়ামী মহিলা লীগের সহসভাপতি আজিজা খানম কেয়া, যুগ্ম সম্পাদক শিরীন রোকসানা, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলি, সদস্য কণা জব্বার, মালিহা জামান, রংপুর জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক পারভিন আক্তার প্রমুখ।
