পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০১:২১ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার | আপডেট: ০৮:৫৫ পিএম, ৪ ডিসেম্বর ২০১৭ সোমবার
পিরোজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খেলে বাবা ও মেয়ে নিহত হন। এ সময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায়। চালকসহ আহত হয়েছেন তিনজন। চালক নিয়ন্ত্রণ হারালে গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে বলেশ্বর সেতুর কাছে পিরোজপুর-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন খুলনা নগরের নিরালা আবাসিক এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলাম (৫০) ও তার মেয়ে নুসাইবা (১৮)। আহত ব্যক্তিরা হলেন তৌহিদুল ইসলামের স্ত্রী নির্ঝর আক্তার (৪০), ছেলে জাভেদ (৭), মেয়ে রুসাইয়া (৫) ও গাড়িচালক খায়রুল ইসলাম (২৫)।
পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবদুল হক মিয়া জানান, তৌহিদুল ইসলাম পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসে কুয়াকাটা থেকে খুলনা যাচ্ছিলেন। গতকাল রাতে বলেশ্বর সেতু পেরোতেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মাইক্রোবাসটি সড়কের পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। এতে গাড়ির ছয় আরোহী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তারা তৌহিদুলকে মৃত ঘোষণা করেন। অন্যদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে নেওয়ার পথে রাত ১২টার দিকে নুসাইবার মৃত্যু হয়। আহত অন্যদের খুলনা মেডিকেল কলেজে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) হাসনাইন পারভেজ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
