রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেগম রোকেয়া দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৮:২৬ পিএম, ৯ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১২:৩৯ পিএম, ১২ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার
আজ শনিবার নানা আয়োজনে নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়াকে স্মরণ করলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। রোকেয়া দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে রংপুরের এ বিশ্ববিদ্যালয় মহিয়সী এ নারীকে স্মরণ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ সকাল সাড়ে ১০টায় দিবসটির নানা কর্মসূচির উদ্বোধন করেন। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় এবং একই স্থানে আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি টানা হয়। র্যালিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ অতিথিরা অংশ নেন।
মহীয়সী এ নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে দেশের একটি জাতীয় দৈনিকসহ স্থানীয় কয়েকটি দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ ফেরদৌস রহমান, কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির সদস্য সচিব এবং বহিরাঙ্গন পরিচালক মোহাম্মদ রফিউল আজম খান নিশার। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান এবং জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক আসিফ আল মতিন।
উপাচার্য কলিমউল্লাহ বলেন, ‘বেগম রোকেয়া শুধু নারী জাতিকে নয় পিছিয়ে পড়া পুরো সমাজকে এগিয়ে নেয়ার জন্য কাজ করে গেছেন। তাঁর আদর্শকে অনুসরণ করে এদেশের শিক্ষা ব্যবস্থা থেকে অন্য নানা বিষয়ে উন্নয়ন কাজ সাধিত হয়েছে। তাঁর নামে প্রতিষ্ঠিত দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ের সদস্য হতে পেরে তারা গর্ববোধ করেন বলেও জানান।’
নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেগম রোকেয়ার স্থায়ী ভাষ্কর্য নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম এ দিবসকে কেন্দ্র করে জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।
সকালে দিবসের র্যালির পর ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে স্থাপিত বেগম রোকেয়ার অস্থায়ী প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য পুষ্পার্ঘ অর্পণের পর বিভিন্ন বিভাগ ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষে কেন্দ্রিয় ক্যাফেটেরিয়াতে পিঠাপুলিসহ বিভিন্ন ধরনের খাবারের স্টল দেয়া হয় এবং ইলহাম আহসান কলিমউল্লাহ’র আঁকা ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।
সূত্র : বাসস
