ঢাকা, বৃহস্পতিবার ২৬, মার্চ ২০২৬ ১৯:২০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

আফগানিস্তানে বেশিরভাগ প্রদেশে মেয়েদের স্কুল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০১ পিএম, ৩১ অক্টোবর ২০২১ রবিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আফগানিস্তানের বেশিরভাগ প্রদেশে মেয়েদের মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। সশস্ত্র গোষ্ঠী তালেবান শিক্ষাবঞ্চিত মেয়েদের শিক্ষার সুযোগ দেবে কিনা তা দেখতে অপেক্ষা করছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)। আফগানিস্তানে সংস্থাটির প্রতিনিধি সালাম আল-জানাবি এ তথ্য জানিয়েছেন।

রুশ সংবাদমাধ্যম স্পুটনিককে ইউনিসেফের এই প্রতিনিধি বলেন, ‘মেয়েদের শিক্ষার ব্যাপারে তালেবানের বিতর্কিত এই সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে মিলবে কিনা তা দেখতেই অপেক্ষা করছে ইউনিসেফ। উত্তরাঞ্চলের পাঁচটি বাদে অধিকাংশ প্রদেশে মেয়েদের জন্য মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘নারীদের জন্য স্কুল, কমিউনিটিভিত্তিক ক্লাস এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। এটি গুরুত্বপূর্ণ যে পুরুষ ও নারী উভয় শিক্ষকগণই প্রশিক্ষিত। তারা মাসিক বেতন গ্রহণ করেন এবং তারা শিক্ষা দেওয়ার পক্ষে রয়েছেন।’

আফগানিস্তানে প্রাথমিক ও মাধ্যমিক লেভেলের ৯ দশমিক ৫ মিলিয়ন শিশুর মধ্যে ৩৮ শতাংশ মেয়ে বলে উল্লেখ করেন আল-জানাবি। 

তিনি বলেন, ‘বিপরীতে ২০০১ সালে মাত্র ১ মিলিয়ন শিশু শিক্ষার আওতায় ছিল এবং তার ১০ শতাংশ ছিল মেয়ে। গত দুই দশকে মেয়ে ও নারীদের শিক্ষিত করার ক্ষেত্রে যে লাভ হয়েছে তা আমরা হারাতে পারি না। আমরা কেবল সবচেয়ে সুবিধাবঞ্চিত মেয়েদের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার মাধ্যমে অগ্রগতি রক্ষা করতে পারি।’

ইউনিসেফ প্রতিনিধির বরাতে স্পুটনিক জানিয়েছে, তালেবানের সঙ্গে ইউনিসেফের একটি কার্যকরী সম্পর্ক রয়েছে এবং তা বর্তমান এই সংকটের অনেক আগে থেকেই ছিল।