শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ অদূর ভবিষ্যতে সার্কভূক্ত দেশসমূহকে নেতৃত্ব দেবে : চুমকি
প্রকাশিত : ০২:৪৬ পিএম, ১৯ আগস্ট ২০১৪ মঙ্গলবার | আপডেট: ০২:৫১ পিএম, ১৯ আগস্ট ২০১৪ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, শিশু উন্নয়ন ও শিশু নির্যাতন প্রতিরোধে বাংলাদেশ অদূর ভবিষ্যতে সার্কভূক্ত দেশসমূকে নেতৃত্ব দেবে।
প্রতিমন্ত্রী বলেন, শিশু মৃত্যু হ্রাস, মাতৃমৃত্যু হ্রাস এবং সার্বজনিন প্রাথমিক শিক্ষা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। যা আজ সারা বিশ্বে অনুকরণীয়। শিশুর উন্নয়নে এবং শিশু নির্যাতন প্রতিরোধেও অদূর ভবিষ্যতে বাংলাদেশ সার্কভূক্ত দেশসমূহকে নেতৃত্ব দেবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বলেই এ অর্জন সম্ভব হয়েছে।
রাজধানীর পল্টনে ফার্স রেস্টুরেন্ট মিলনায়তনে আয়োজিত শিশু নির্যাতন প্রতিরোধে সার্কভূক্ত দেশসমূহের সমন্বিত উদ্যোগ সাইবেক (এসএআইইভিএসি= সাউথ এশিয়া ইনিশিয়েটিভ টু এন্ড ভায়োলেন্স এগেইন্সট চিলড্রেন) এর ৫ম গভর্ণিং বোর্ডের সভার উদ্বোধনী অধিবেশনে তিনি আজ একথা বলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তাহমিনা বেগম এ বৈঠকে সভাপতিত্ব করেন। আফগানিস্তান ও মালদ্বীপের মহিলা বিষয়ক মন্ত্রীসহ সার্কভূক্ত দেশ সমূহের বোর্ডের সদস্য ও শিশু প্রতিনিধিরা এতে অংশ নেন।
আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কিভাবে এমডিজির লক্ষ্যমাত্রা অর্জন করেছে তা নিয়ে বিশদ আলোচনা হবে বলে প্রতিমন্ত্রী জানান।
দু’দিনব্যাপী এ বোর্ড সভায় আগামীতে সার্কভূক্ত দেশ সমূহ কিভাবে আরো কো-অপারেশন বাড়াতে পারে এবং এই অঞ্চলের শিশু নির্যাতন কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে এ্যাকশন প্ল্যান তৈরি করা হবে।
১৯.০৮.২০১৪ 