বঙ্গবন্ধুর ওপর গোপন দলিল অমূল্য সম্পদ: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১০:৪৮ এএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ‘বঙ্গবন্ধু অ্যান্ড ব্রিটেন : অ্যা সেন্টেনারি কালেকশন’ শীর্ষক একটি শিল্প প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন। ছবি : পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর গোয়েন্দা সংস্থার প্রকাশিত গোপন দলিল বাংলাদেশের রাজনীতি ও ইতিহাস গবেষকদের জন্য হবে অমূল্য সম্পদ। ভাষা আন্দোলন থেকে দেশের স্বাধীনতা আন্দোলনে বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও সংগ্রাম সম্পর্কে প্রকৃত এবং সম্পূর্ণ ইতিহাস এই গোপন দলিলে পাওয়া যাবে। এর মাধ্যমে বিশ্বের জনগণও বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে জানতে পারবে।
শুক্রবার লন্ডনের ক্লারিজ হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বঙ্গবন্ধু অ্যান্ড ব্রিটেন: অ্যা সেন্টেনারি কালেকশন’ শীর্ষক এক শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন। বঙ্গবন্ধুকে নিয়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার গোপন দলিলের আন্তর্জাতিক প্রকাশনা নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ছোটবোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, ‘এই প্রকাশনা থেকে দেশের রাজনৈতিক নেতা ও নতুন প্রজন্ম শিক্ষা নিতে পারবে। পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সদস্যরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর এসব গোপন দলিল ও রেকর্ড তাদের সংগ্রহে রেখেছিল। পাকিস্তানের ২৪ বছরের ইতিহাসে গোয়েন্দা সংস্থাগুলো বঙ্গবন্ধুর প্রতিটি মুহূর্তের গতিবিধি ও কর্মকাণ্ড অনুসরণ করত। বঙ্গবন্ধু শেখ মুজিব তার জীবনের ৩ হাজার ৫৩ দিন কাটিয়েছেন পাকিস্তানের কারাগারে।’
শুধু বঙ্গবন্ধুই নয়, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা তাদের সবাইকে এমনকি তার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবকেও সার্বক্ষণিক নজরদারিতে রাখত বলে জানান শেখ হাসিনা।
তিনি বলেন, বিশেষ করে ১৯৬৬ সালে ছয় দফা ঘোষণার পর থেকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারিতে থাকতেন।
গোপন দলিল বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রামের শুধু রেকর্ডই নয় বরং এগুলো কীভাবে একটি স্বাধীন দেশের জন্ম হলো তারও ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এসব গোপন দলিল বাংলাদেশের জাতীয় ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এসব নথিতে জাতির পিতার অপরিসীম দুর্ভোগ ও ত্যাগের চিত্র রয়েছে। নথিগুলো একজন জাতীয় নেতা, একজন রাষ্ট্রনায়ক এবং একজন আন্তর্জাতিক রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরির বিবরণ।
সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব তার রাজনৈতিক জীবনের প্রথম দিন থেকেই নীতি ও মূল্যবোধের পক্ষে থাকায় বিরোধীরা তাকে টার্গেট করেছিল। এই একই বাহিনী ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তার পরিবারের বেশিরভাগ সদস্যসহ তার জীবনের নির্মম পরিণতির জন্য দায়ী।
শেখ হাসিনা এই প্রকাশনার জন্য বাংলাদেশের হাক্কানি পাবলিশার্সের সঙ্গে অংশীদারিত্বে এগিয়ে আসার জন্য টেলর অ্যান্ড ফ্রান্সিস গ্রুপকে ধন্যবাদ জানান।
