ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ০:৪৪:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে আইনের কঠোর প্রয়োগ হবে

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৫ পিএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা বলেছেন, জাতির পিতা ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমঅধিকারের নিশ্চয়তা দেন ও নারীর ক্ষমতায়ন সুসংহত করেন। এরই ধারবাহিকতায় জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী উন্নয়ন, ক্ষমতায়ন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। জাতিসংঘের ৭৫ তম অধিবেশনে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী ২০৪১ সাল নাগাদ কর্মস্থলে নারীর কর্মসংস্থান ৫০ : ৫০ উন্নীত করার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছেন। 

তিনি আরো বলেন,  বাল্যবিবাহ এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ করতে সরকার বদ্ধপরিকর।  নারীর ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করতে সরকারের  রয়েছে জিরো টলারেন্স নীতি। কোনো মেয়ে যেনো বাল্য বিয়ের শিকার না হয়। সে লক্ষ্যে কাজ করতে হবে। এবং সেক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। 

 নারীর ক্ষমতায়নে মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জয়িতা ফাউন্ডেশন নারী উদ্যোক্তা সৃষ্টি ও তৃণমূল পর্যায়ের নারী উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করছে। তথ্য আপা প্রকল্পের মাধ্যমে ১ কোটি নারীকে তথ্য-প্রযুক্তির মাধ্যমে ক্ষমতায়ন করা হচ্ছে। দেশের ৬৪টি জেলায় শিক্ষিত নারীকে কম্পিউটার ও তথ্য-প্রযুক্তিতে প্রশিক্ষণ প্রদান,  তৃণমূল পর্যায়ের ২ লাখ ৫৬ হাজার প্রান্তিক নারীকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদানসহ বহু উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ মুন্সীগঞ্জের গজারিয়ায় দুঃস্থ মহিলাদের মাঝে ক্ষুদ্র ঋণ প্রদান ও জাতীয় সমবায় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, যুগ্মসচিব ফেরদৌসী বেগম, মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন ও গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী। 

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ এখন আর সাহায্যনির্ভর দেশ নয়, বাংলাদেশ এখন সাহায্যদাতা দেশ। স্বল্প উন্নয়নের দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। ক্ষুধার্ত ও প্রাকৃতিক দূর্যোগের দেশকে শেখ হাসিনা উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে।