বন্দুকযুদ্ধে নিহত স্বামী, এবার মাদকসহ আটক স্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪
প্রকাশিত : ১২:১৮ পিএম, ৮ নভেম্বর ২০২১ সোমবার
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটক নারী টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার মৃত মালেক মিস্ত্রির স্ত্রী গুল ফরাজ (৩৫)।
রোববার রাতে টেকনাফ মালেক মিস্ত্রির বাড়ি থেকে আইস ও ইয়াবাসহ আটক করা হয় গুল ফরাজকে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, গোপন সূত্রে জানতে পারি বন্দুকযুদ্ধে নিহত মালেক মিস্ত্রির বাড়িতে ক্রিস্টাল মেথ (আইস) মাদক ও ইয়াবার একটি চালান মজুদ রয়েছে।
এমন সংবাদ জানার পর পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে ওই বাড়ির ওয়ারড্রবের ড্রয়ারে মজুদ রাখা অবস্থায় এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা। পরে মালেকের স্ত্রীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।
