ফিলিস্তিনি জনগনের অধিকার রক্ষায় মুসলিম দেশসমূহের শক্তিশালী ঐক্য চেয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ০৭:৪৩ এএম, ২১ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার | আপডেট: ০৮:১২ এএম, ২১ আগস্ট ২০১৪ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষায় বর্তমান সংকট মোকাবেলায় শক্তিশালী ঐক্য গড়ে তোলার জন্য বিশ্বের মুসলিম দেশসমূহের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী ঢাকায় সফররত কুয়েত সশস্ত্র বাহিনীর ডেপুটি চীফ অব স্টাফ লে. জেনারেল খালেদ মোহাম্মদ আল-কাদের আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর তেজগাঁওস্থ কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ আহবান জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি এ কে এম শামীম চৌধুরী বলেন, বৈঠকে বন্ধুপ্রতীম দু’দেশের মধ্যকার সম্পর্ককে অত্যন্ত চমৎকার উল্লেখ করে এই সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। শেখ হাসিনা ১৯৭৪ সালে করাচীতে অনুষ্ঠিত ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিতে সে সময়ের কুয়েতের আমীর সাবাহ আল-সালিম আল-সাবাহ’র বাংলাদেশে আসার কথা স্মরণ করে বলেন, সে সময়ের পর থেকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যকার সম্পর্কের উন্নতি হতে শুরু করে। শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১ সাল আওয়ামী লীগ সরকারের শাসন আমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ার জন্য কুয়েতের দুইশ’ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদানের কথা উল্লেখ করেন।
বৈঠকে শেখ হাসিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ব্যবস্থাপনায় একাধিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা সম্পর্কে কুয়েতের জেনারেলকে অবহিত করে বলেন, কুয়েতী সশস্ত্র বাহিনীর সদস্যরা বাংলাদেশে এ সকল বিভিন্ন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ নিতে পারে। তিনি দু’দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে দু’দেশের সশস্ত্র বাহিনীর সফর বিনিময়ের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন। কুয়েতের ডেপুটি চীফ অব স্টাফ লে. জেনারেল খালেদ মোহাম্মদ আল-খালেদ বলেন, তার দেশে বাংলাদেশ একটি জনপ্রিয় নাম। উপ-সাগরীয় যুদ্ধের পর মাইন অপসারণে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তার কথা তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, এ জন্য তার দেশ বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। কুয়েতী জেনারেল বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা তার দেশে দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। তাদের কাজে আমরা খুবই সন্তুষ্ট। জেনারেল কাদের বলেন, তার দেশের যতদিন প্রয়োজন, ততোদিন বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা থাকবে। বাংলাদেশে নিযুক্ত কুয়েতী রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম এ সময় উপস্থিত ছিলেন।
২১.০৮.২০১৪ 