শেখ হাসিনা-বিনালি বৈঠক আজ বিকেলে
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ১২:২২ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৭ মঙ্গলবার | আপডেট: ১১:৫৮ পিএম, ২০ ডিসেম্বর ২০১৭ বুধবার
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের বৈঠক আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে।
এ সময় বাংলাদেশ তুরস্কের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর ও যৌথ বিবৃতি দেয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠক শেষে পণ্যের মান নিয়ন্ত্রণে এক দেশকে অন্য দেশের স্বীকৃতি এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে দুটি সমঝোতা স্মারক সইয়ের কথা রয়েছে।
জানা গেছে, বিকেল ৩টায় শেখ হাসিনার কার্যালয়ের টাইগার গেটে তুরস্কের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হবে। বিকেল ৩টা ৫ মিনিটে শিমুল হলে পারস্পরিক দ্বিপক্ষীয় আলোচনা, সাড়ে ৩টায় চামেলী হলে বাইলেটারেল বৈঠক, ৪টা ২০ মিনিটে করবী হলে সমঝোতা স্বারক স্বাক্ষর ও ৪টা ৪৫ মিনিটে টাইগার গেটে তুরস্কের প্রধানমন্ত্রী ভিজিটর বুকে স্বাক্ষর করবেন।
আগামীকাল বুধবার বিনালি ইলদ্রিম কক্সবাজারে গিয়ে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলবেন। বিকেলে কক্সবাজার থেকে তুরস্কের পথে যাত্রা করবেন।
