ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৩১:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

সিহাব-লিটনকে রাজশাহী বিভাগীয় প্রশাসনের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ০৭:১১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ১০:০১ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার

রাজশাহীর বাঘার আড়ানীতে নিজের বুদ্ধিমত্তায় দুর্ঘটনার হাত থেকে তেলবাহী ট্রেন রক্ষাকারী সাহসী দুই শিশু সিহাবুর রহমান (৬) ও লিটন আলী (৭) আজ বৃহস্পতিবার সংবর্ধনা দেয়া হয়েছে। রাজশাহী বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়।

বাঘা উপজেলা হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শিহাব ও লিটনকে পুরস্কার হিসেবে নগদ পাঁচ হাজার টাকা, সম্মাননা ক্রেস্ট ও শীত নিবারণের জন্য গরম কাপড়, কম্বল ও উপহার দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন রেজা। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ।

অনুষ্ঠানে আড়ানী স্টেশনে আন্তঃনগর ট্রেন থামানোর দাবির পাশাপাশি ট্রেন রক্ষাকারী শিশু শিহাব ও লিটনকে আজীবন ট্রেন ভ্রমণের টিকিট ফ্রি করে দেওয়ার দাবি জানানো হয়। গৃহহীন তাদের পরিবারকে জমির ব্যবস্থা ও ঘর নির্মাণ করে দেয়ার দাবী করা হয়।

এর আগে ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও এই আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম দুই শিশুর লেখা-পড়ার দায়িত্ব নেন। তাদের দুজনকে প্রতি মাসে এক হাজার টাকা করে বৃত্তির কথা জানান। এছাড়া দুই শিশুর এসএসসি পাশের পর উচ্চ শিক্ষার ব্যবস্থারও প্রতিশ্রুতি দেন।

এর আগে গলার লাল মাফলার দেখিয়ে ট্রেন দুর্ঘটনা রুখে দেয় ওই দুই শিশু। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেল স্টেশনের ৪শ’ মিটার দূরে ঝিনা রেলগেটে এই ঘটনা ঘটে। রেল লাইন ভাঙা দেখে দুই শিশু লাল মাফলার দেখিয়ে তেলবাহী ট্রেনটিকে থামিয়ে দেয়। ফলে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় কোটি টাকার জ্বালানি তেল।

ঘটনার পর পাবনার ঈশ্বরদী থেকে মিস্ত্রী নিয়ে গিয়ে রেল লাইন মেরামত করা হয়। দুই ঘণ্টা পর বাঘা-রাজশাহী রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তেলবাহী ট্রেনটি খুলনা থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে যাচ্ছিলো।