ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৮:৩২:০০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

রেড ক্রিসেন্ট সোসাইটি নিরলসভাবে কাজ করছে : চুমকি

নিজস্ব প্রতিবেদক

উইমেননিউজ২৪.কম

প্রকাশিত : ১০:০০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৭ বৃহস্পতিবার | আপডেট: ০৬:১০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৭ শুক্রবার

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, জরুরি ত্রাণ বিতরণের পাশাপাশি দীর্ঘমেয়াদী পুনর্বাসন ও জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে রেড ক্রিসেন্ট সোসাইটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


তিনি বলেন, এ সকল সেবা প্রদানের ক্ষেত্রে যারা মূল ভূমিকা পালন করছে তারা রেড ক্রিসেন্টের যুব সদস্যরা।


আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে গাজীপুরের জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্রে ১৩তম জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্পেনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।


‘যুব নেতৃত্বে আলোকিত হোক পৃথিবী’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ক্যাম্পে অংশগ্রহণকারীরা আর্ত মানবতার সেবায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।


গত ১৮ ডিসেম্বর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ ক্যাম্পের উদ্বোধন করেন। ৪ দিনের এই ক্যাম্প আজ শেষ হলো।


বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ডা. মো. হাবিবে মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালনা বোর্ডের সদস্য লুৎফর রহমান চৌধুরী হেলাল ও মোজাম্মেল হোসেন টুকু।


স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব বি.এম.এম মোজহারুল হক। সমাপনী অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত হয়। ক্যাম্প ফায়ারে সকল স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে।


দেশের ৬৪ জেলার ৬৬টি রেড ক্রিসেন্ট ইউনিট থেকে প্রায় ১১শ’ জন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, স্বেচ্ছাসেবক, সিনিয়র স্বেচ্ছাসেবক, শিক্ষকসহ রেড ক্রিসেন্টের বিভিন্নস্তরের কর্মকর্তারা এই ক্যাম্পে অংশগ্রহণ করে।