মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
উইমেননিউজ২৪.কম
প্রকাশিত : ০৯:১২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৭ শনিবার | আপডেট: ১২:২১ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭ রবিবার
সদ্যপ্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে তার চট্টগ্রামের বাসায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামীকাল রোববার বিকেলে প্রধানমন্ত্রী নগরীর চশমাহিলে মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাবেন বলে সংশ্লিষ্ট কার্যালয় থেকে চট্টগ্রামের প্রশাসনকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা পাবার পর শনিবার বিকেল থেকে মহিউদ্দিনের বাসার আশপাশ ঘিরে মহড়া দিতে শুরু করেছে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাত ১০টায় প্রধানমন্ত্রীর সফর নিয়ে নিরাপত্তা সংক্রান্ত চূড়ান্ত বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো.জিল্লুর রহমান।
জানা গেছে, আগামীকাল বিকেল ৩টায় মাননীয় প্রধানমন্ত্রী প্রয়াত নেতা মহিউদ্দিন ভাইয়ের বাসায় যাবেন। প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হয়েছে।
রোববার নৌবাহিনীর বার্ষিক রাষ্ট্রপতির কুচকাওয়াজে যোগ দিতে চট্টগ্রামে যাবেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র মতে, সকাল ১০টা ১০ মিনিটে নেভাল একাডেমিতে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত প্রধানমন্ত্রীর কর্মসূচি নির্ধারিত আছে। নৌবাহিনীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী মহিউদ্দিনের বাসায় যাবেন বলে জানা গেছে।
গত ১৪ ডিসেম্বর গভীর রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন মারা যান।
