বিএনপি-জামায়াতের ‘তাণ্ডবের’ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিত : ১০:৪১ এএম, ২৩ আগস্ট ২০১৪ শনিবার | আপডেট: ১০:৪২ এএম, ২৩ আগস্ট ২০১৪ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম,ঢাকা:আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের তাণ্ডবের বিষয়ে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দশম সংসদ নির্বাচনকালীন রাজনৈতিক সহিংসতার কথা উল্লেখ করে বলেন, “দেশবাসীকে সজাগ থাকতে হবে। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”
‘বিএনপি-জামাতের তাণ্ডব: রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ফটো অ্যালবামের প্রকাশনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএনপির উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, “রাজনীতি করতে চাইলে করেন। মানুষের জীবন নিয়ে খেলবেন না। মানুষের জীবন অন্ধকারে ঠেলে দেবেন না। লাশ নিয়ে উল্লসিত হবেন না।”
“জামায়াত-শিবির হত্যাকাণ্ড চালিয়েছে, যেমন করেছিল ৭১-এ। আর বিএনপি রক্তের ওপর দিয়ে ক্ষমতা যেতে চায়। রক্ত নিয়ে হোলি খেলতে পছন্দ করে।”
বিএনপির আন্দোলনে জনগণের অংশগ্রহণ নেই জানিয়ে তিনি বলেন, “তাই তারা লাশ নিয়ে খেলতে চায়। যারা এ ধরনের কাজ করে তারা রাজনীতি, গণতন্ত্র, সংবিধানে বিশ্বাস করে না। যাদের কাছে মানুষের জীবনের মূল্য নেই তারা দেশকে কি দেবে?”
শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা স্বজন হারিয়েছেন তাদের জন্য কাজ করবো। অন্তত আমি যতদিন বেঁচে আছি ততদিন করবো। কারণ, স্বজন হারানোর বেদনা আমার চেয়ে বেশি কেউ জানেন না। কারণ, আমি একদিনেই পরিবারের সবাইকে হারিয়েছিলাম। আমি হয়তো তাদের স্বজনকে ফিরিয়ে দিতে পারবো না। তবে তাদের কাছে সান্ত্বনা হিসেবে দাঁড়াতে পারবো।’
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের দেশের ৪১৯টি প্রাথমিক বিদ্যালয়, ৮২টি উচ্চ বিদ্যালয়, ২১টি মাদ্রাসা এবং নয়টি কলেজে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগ করে তৎকালীন বিরোধীদল ও এর শরিকরা।
এসব প্রতিষ্ঠানের মধ্যে কোনোটি পুরোপুরি এবং কোনোটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
২৩.০৮.২০১৪ 